২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
প্রাণীসম্পদ

শুঁড় দিয়ে পেঁচিয়ে গৃহবধূকে আছড়ে মারল হাতি

এগ্রিবার্তা ডেস্ক ৯ মার্চ ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
শুঁড় দিয়ে পেঁচিয়ে গৃহবধূকে আছড়ে মারল হাতি

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর সুরাজপুরের চেয়ারম্যানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম জান্নাত আরা (৪০)। তিনি ওই এলাকার ফজল করিমের স্ত্রী। তিনি চার মেয়ে ও দুই ছেলের মা। রাতে বাড়ির উঠানে চুল্লিতে ধোঁয়া দিয়ে তামাকপাতা শুকানোর সময় একটি বন্য হাতি তাঁকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দেয়। এরপর তাঁর মৃত্যু হয়।

স্থানীয় লোকজন বলেন, সুরাজপুর-মানিকপুর এলাকাটির বিস্তীর্ণ অঞ্চলজুড়ে তামাকের চাষ হয়েছে। সপ্তাহখানেক ধরে তামাকপাতা খেত থেকে তুলে চুল্লিতে ধোঁয়া দিয়ে শুকাচ্ছিলেন তামাকচাষিরা। জান্নাত আরার বাড়ির উঠানেও একটি তামাকচুল্লি রয়েছে। গতকাল রাতে এই চুল্লিতে তামাকপাতা শোকানোর সময় হঠাৎ একটি বন্য হাতি আক্রমণ করে জান্নাত আরাকে। হাতিটি শুঁড় দিয়ে তুলে আছাড় দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জান্নাত আরার।

স্থানীয় সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক হাতির আক্রমণে জান্নাত আরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বিচারে পাহাড় ও বনজ সম্পদ ধ্বংস করার কারণে হাতির আবাসস্থল নষ্ট হয়ে গেছে। এ ছাড়া পাহাড়ে হাতির চরম খাদ্যসংকট দেখা দিয়েছে। এ কারণে বন্য হাতিগুলো বারবার বসতঘরে ও ফসলের খেতে আক্রমণ করছে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।