২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
পরিবেশ

বসন্তের সন্ধ্যায় হঠাৎ বৃষ্টিতে ভিজলো ঢাকা

এগ্রিবার্তা ডেস্ক ২০ ফেব্রুয়ারি ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
বসন্তের সন্ধ্যায় হঠাৎ বৃষ্টিতে ভিজলো ঢাকা

শীতের বিদায় লগ্নে বসন্তের আবহে ঢাকার আকাশে হঠাৎই নেমে এলো এক পশলা বৃষ্টি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালটা শুরু হয়েছিল কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায়। সূর্যের দেখা মিলছিল না, রাজধানীর বাতাস ছিল আর্দ্র। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে দেখা দেয় রোদ, আর বাড়তে থাকে গরম।

সারাদিনের উষ্ণতার পর সন্ধ্যায় ঢাকার আকাশজুড়ে দেখা দেয় খণ্ড খণ্ড মেঘ। রাত নামতেই নামলো স্বস্তির বৃষ্টি। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় এক পশলা বৃষ্টি ঝরে যায়। শান্তিনগর, মালিবাগ, কাকরাইল, পল্টন, পান্থপথ, শুক্রবাদ, ধানমন্ডি, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেতসহ অনেক এলাকায় বৃষ্টির দেখা মেলে।

দিনভর গরম আর ধুলার ক্লান্তি কাটিয়ে সন্ধ্যার বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়েছেন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, বাতাসে ধুলিকণার আধিক্য ও সাগরের আর্দ্রতার সংমিশ্রণে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া তৈরি হয়েছে, যা বৃষ্টির ইঙ্গিত দিচ্ছিল। সন্ধ্যা নামতেই সেই পূর্বাভাস সত্যি হলো, বৃষ্টি ঝরলো রাজধানীর বুকে।

এদিন শুধু ঢাকা নয়, দেশের আরও কয়েকটি জায়গায়ও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। বসন্তের এই হঠাৎ বৃষ্টি ধুলায় ধূসর নগরকে কিছুটা হলেও সতেজ করে তুলেছে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।