২০ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
উদ্যোক্তা

নাটোরে জনপ্রিয় হচ্ছে বস্তায় আদা চাষ

এগ্রিবার্তা ডেস্ক ২৫ জানুয়ারি ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
নাটোরে জনপ্রিয় হচ্ছে বস্তায় আদা চাষ

নাটোরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বস্তায় আদা চাষ। মসলা ও ভেষজ উপাদান হিসেবে আদার ব্যাপক চাহিদা থাকার পাশাপাশি এর মূল্যও বেশ চড়া। এ কারণে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে অতিরিক্ত লাভের আশায় অনেকেই শুরু করেছেন বস্তায় আদা চাষ।

বাড়ির আঙিনা, আশপাশের ফাঁকা জায়গা, এমনকি আম ও লিচুর বাগানের মতো স্থানেও বস্তায় আদা চাষ করা হচ্ছে। এটি লাভজনক হওয়ায় চাষীদের মধ্যে এর প্রতি আগ্রহ ক্রমাগত বাড়ছে। সচেতন মহলের মতে, এ পদ্ধতি সফল হলে আমদানি করা আদার ওপর নির্ভরশীলতা কমে যাবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুসারে, বস্তায় আদা চাষে খরচ অনেক কম। ১০০-১৫০ টাকার মধ্যে একটি বস্তা প্রস্তুত করা যায়, যা থেকে ১-২ কেজি আদা উৎপাদন সম্ভব। এ বছর নাটোর জেলায় ৮০ হাজার বস্তায় আদা চাষ করা হয়েছে। এছাড়া প্রায় ১০ হাজার ৫০০ হেক্টর জমিতে আদা চাষ হয়েছে, যেখানে ২ লাখ টন উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের শহিদুল ইসলাম তার কলা বাগানে ১৩৫০ বস্তায় আদা চাষ করেছেন। তিনি জানান, তার প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে এবং তিনি আশা করছেন ৭ থেকে ১০ লাখ টাকার আদা বিক্রি করবেন। একই গ্রামের জবান আলী ৩০০ বস্তায় আদা চাষ করে লক্ষাধিক টাকা লাভের আশা করছেন। লালপুর উপজেলার শহিদুল ইসলাম ওয়াসিম জানান, তিনি তার কলা বাগানের ফাঁকা জায়গায় ১ হাজার বস্তায় আদা চাষ করেছেন এবং এতে প্রায় ৫ লাখ টাকার লাভের সম্ভাবনা দেখছেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা নিলিমা জাহান জানান, কৃষকদের বস্তায় আদা চাষে উৎসাহিত করতে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। ছায়াযুক্ত স্থান বা পতিত জমি কাজে লাগিয়ে বস্তায় আদা চাষ করা বেশ সহজ। এতে বাড়তি জমি ও শ্রমের প্রয়োজন হয় না। মাটির সঙ্গে গোবর সার, ছাই ও রাসায়নিক সার মিশিয়ে বস্তায় আদা চাষে কৃষকেরা ভালো ফল পাচ্ছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, ‘‘বসতবাড়ি ও অন্যান্য ফসলের সঙ্গে সাথি ফসল হিসেবে বস্তায় আদা চাষ জনপ্রিয় হচ্ছে। কম খরচে উৎপাদিত এই আদা স্থানীয় চাহিদা মিটিয়ে বাজারজাত করা সম্ভব।’’

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।