২০ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
মৎস্য

৪০ প্রজাতির দেশি মাছ পুনরুদ্ধার হয়েছে

এগ্রিবার্তা ডেস্ক ১৮ জানুয়ারি ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
৪০ প্রজাতির দেশি মাছ পুনরুদ্ধার হয়েছে

দেশে মিঠাপানির মাছের মধ্যে ছোট মাছের সংখ্যা ১৪৩ প্রজাতির। জনসংখ্যা বৃদ্ধি, জলাশয় সংকোচন, অতিরিক্ত আহরণসহ নানা কারণে মাছের প্রজনন ও বিচরণ ক্ষেত্র ধ্বংস হয়ে যাওয়ায় ৬৪ প্রজাতির মাছ বিলুপ্তপ্রায় হয়ে পড়ে। কিন্তু দেশের মৎস্য বিজ্ঞানীরা হারিয়ে যাওয়া মাছ ফিরিয়ে আনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিজ্ঞানীরা ইতিমধ্যেই ৪০ প্রজাতির মাছের কৃত্রিম প্রজননে সফলতা অর্জন করেছেন। এদের মধ্যে ১২ প্রজাতির মাছের পোনা বর্তমানে দেশের বিভিন্ন হ্যাচারিতে ব্যাপকভাবে উৎপাদিত হচ্ছে। এর ফলে, এসব মাছের চাষ শুরু হওয়ায় বাজারে সহজলভ্য হয়ে উঠেছে, এবং দামও কমেছে।

বিএফআরআই সূত্র জানায়, পাবদা, গুলশা, ট্যাংরা, কৈ, মাগুর, শিং, দেশি সরপুঁটি, কুচিয়া, খলিশা, বাটা, গজার, চিতলসহ মোট ৪০ প্রজাতির মাছের সফল প্রজনন সম্পন্ন হয়েছে। বর্তমানে হ্যাচারিতে শিং, মাগুর, কৈ, ট্যাংরা, পাবদা, গুলশা, বৈরালি প্রজাতির মাছ ব্যাপক উৎপাদিত হচ্ছে। ২০২২ সালে শাল বাইমের পোনা উৎপাদনেও সফলতা আসে। গবেষণার মাধ্যমে দেশের বিভিন্ন জলাশয়ে এই মাছগুলো ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞানীরা জানান, দেশীয় ছোট মাছ পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে ভিটামিন, ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ ও আয়োডিন, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে। বিলুপ্তপ্রায় মাছগুলো ফিরিয়ে আনতে ৮৮ প্রজাতির মাছ সংগ্রহ করে বিএফআরআইয়ে 'লাইভ জিন ব্যাংক'-এ সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে যেসব মাছের কৃত্রিম প্রজনন সফল হয়েছে, সেগুলোর পোনা উৎপাদনের চেষ্টা চলছে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং মাছ উৎপাদনে বিপ্লবের আশা করা হচ্ছে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।