২০ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
উদ্যোক্তা

রাজশাহীতে ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু

এগ্রিবার্তা ডেস্ক ৭ জানুয়ারি ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
রাজশাহীতে ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু

ফারজানা নাসরিন, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী শহরে এসে নিজের জীবন পাল্টানোর গল্প লিখছেন। করোনার আগে কেকের ব্যবসা শুরু করলেও খুব একটা সাফল্য পাননি। তবে করোনার সময় ছেলের পড়াশোনার কারণে রাজশাহী এসে নতুন উদ্যোগ নেন। ব্লক প্রিন্টের পোশাক বিক্রির মাধ্যমে আশেপাশের মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। এরপর ফেসবুক পেজ খুলে ডিসেম্বর থেকে পণ্য বিক্রি শুরু করেন।

এই তথ্য উঠে এসেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলায়। ফারজানার বুটিক হাউস ‘ঘরকুনো’ মেলায় অংশ নিয়েছে, যেখানে প্রথমবারের মতো অন্তত ৩০ জন নারী উদ্যোক্তা স্টল নিয়ে এসেছেন।

রোববার বিকেলে রাজশাহী কলেজমাঠে মেলার উদ্বোধন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাসহ বিসিকের কর্মকর্তারা।

বিসিক জানিয়েছে, মেলায় ৭৫টি স্টলে বিভিন্ন পণ্যের প্রদর্শনী চলছে। ক্রাফট ওয়ার্কস স্টলে হ্যান্ডক্র্যাফট পণ্য নিয়ে এসেছেন জারিন তাসনিম। মহসিনা আখতার এনেছেন পিঠা, কেক ও মিষ্টি। অন্যদিকে, পদ্মা পাতা বুটিকের মৌসুমী আক্তার জানান, মেলা তাদের ক্রেতাদের কাছে পৌঁছাতে সহায়তা করছে। মেলা প্রতিদিন বিকেল ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।