২৪ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

হিট স্ট্রোক বা সান স্ট্রোক: গরমের ক্ষতিকর প্রভাব এবং প্রতিকার

এগ্রিবার্তা ডেস্ক ১৪ মে ২০২৫ · ১১ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
হিট স্ট্রোক বা সান স্ট্রোক: গরমের ক্ষতিকর প্রভাব এবং প্রতিকার

গ্রীষ্মকাল এলেই তীব্র গরম আমাদের জীবনযাত্রাকে কঠিন করে তোলে। বিশেষ করে, যখন তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন হিট স্ট্রোক বা সান স্ট্রোকের মতো গুরুতর স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। বর্তমানে তাপমাত্রা অনেক বেড়ে যাওয়াতে নানান স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। হিট স্ট্রোক শরীরের তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার কারণে ঘটে এবং যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে এটি জীবনহানির কারণও হতে পারে। তাই গ্রীষ্মকালে এই বিষয়টির প্রতি আমাদের সচেতনতা থাকা অত্যন্ত জরুরি।

হিট স্ট্রোক কি?

হিট স্ট্রোক হল এক ধরনের শারীরিক অবস্থা যেখানে শরীরের তাপমাত্রা স্বাভাবিক থেকে অনেক বেশি বেড়ে যায়। সাধারণত, শরীরের তাপমাত্রা ৪০° সেলসিয়াস (১০৪° ফারেনহাইট) বা তার বেশি হলে এটি হিট স্ট্রোকের লক্ষণ হিসেবে ধরা হয়। যখন শরীর অতিরিক্ত গরমে বা রোদে বেশ সময় ধরে থাকে, তখন শরীর নিজস্ব তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয় এবং ফলস্বরূপ হিট স্ট্রোকের আশঙ্কা বাড়ে। এর ফলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গগুলি, বিশেষ করে হৃদযন্ত্র ও মস্তিষ্ক, ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও প্রায়শই বয়স্ক ব্যক্তি বা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের ক্ষেত্রেও দেখা যায়, যখন তারা গরম পরিবেশে দীর্ঘ সময় থাকেন এবং শরীরে পানি বা পর্যাপ্ত ঠান্ডা পায় না,তখন সেই ব্যক্তি হিট স্ট্রোকে আক্রান্ত হন।

হিট স্ট্রোকের কারণ ও উপসর্গ

গ্রীষ্মকালে বা অত্যধিক গরম পরিবেশে হিট স্ট্রোক হতে পারে, বিশেষত তখন যখন কেউ দীর্ঘক্ষণ রোদে অবস্থান করেন বা শারীরিকভাবে অত্যধিক পরিশ্রম করেন। তবে শুধুমাত্র তাপমাত্রাই হিট স্ট্রোকের কারণ নয়; পানি ও ইলেকট্রোলাইটের অভাব, দীর্ঘ সময় ধরে ঘাম হওয়া, গরম পরিবেশে ভ্রমণ এবং অতিরিক্ত শরীরিক শক্তি খরচ করাও এর কারণ হতে পারে।

হিট স্ট্রোকের লক্ষণগুলোর মধ্যে প্রধান প্রধান কিছু উপসর্গ হল:

  • শরীরের তাপমাত্রা বৃদ্ধি: হিট স্ট্রোকে আক্রান্ত হলে শরীরের তাপমাত্রা ৪০° সেলসিয়াস (১০৪° ফারেনহাইট) বা তার বেশি হয়ে যায়।
  • বমি বমি ভাব বা বমি হওয়া: গরমের প্রভাবে শরীরে অস্বস্তি এবং বমি হতে পারে।
  • দুর্বলতা ও মাথা ব্যথা: শরীর দুর্বল হয়ে পড়তে পারে এবং মাথা ব্যথাও হতে পারে।
  • মানসিক ভারসাম্যহীনতা: গরমে শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে মস্তিষ্কে অক্সিজেনের অভাব হয় এবং এতে মানসিক সমস্যা সৃষ্টি হতে পারে।
  • খিচুনি: শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে খিচুনির মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
  • অজ্ঞান হয়ে যাওয়া: হিট স্ট্রোকের অত্যন্ত গুরুতর অবস্থায় আক্রান্ত ব্যক্তি অজ্ঞান হয়ে যেতে পারেন।
  • পানিশূন্যতা: পর্যাপ্ত পানি পান না করলে শরীর ঘাম উৎপাদন করতে পারে না তখন তাপ নিয়ন্ত্রণে বাধা দেয়।
    ঝুঁকিপ্রবণ গোষ্ঠী: শিশু, বয়স্ক ব্যক্তি,গর্ভবতী নারী এবং দীর্ঘস্থায়ি রোগে আক্রান্ত ব্যক্তিরা বেশি ঝুঁকিতে থাকেন।
     

হিট স্ট্রোকের প্রাথমিক চিকিৎসা

হিট স্ট্রোকের আক্রান্ত ব্যক্তির জন্য দ্রুত চিকিৎসা গ্রহণ জরুরি। যদি উপসর্গগুলো দেখা যায়, তবে প্রথমত তাকে ঠান্ডা ও ছায়াযুক্ত পরিবেশে নিয়ে যেতে হবে এবং যত দ্রুত সম্ভব সম্ভব তার শরীর ঠান্ডা করতে হবে। কিছু কার্যকর পদক্ষেপ নেয়া যেতে পারে। যেমন:-

  • ঠান্ডা পানিতে গোসল করানো: আক্রান্ত ব্যক্তিকে ঠান্ডা পানিতে ভিজিয়ে ফেলা বা শরীরের তাপমাত্রা কমানোর জন্য ঠান্ডা পানি দিয়ে গোসল করানো খুবই কার্যকরী।
  • ভেজা কাপড় দিয়ে শরীর মুছানো: শরীরের তাপমাত্রা কমানোর জন্য ভেজা কাপড় দিয়ে শরীর মুছানো যেতে পারে।
  • আইস প্যাক ব্যবহার করা: শীতলতা বৃদ্ধির জন্য আইস প্যাক ব্যবহার করা যেতে পারে, তবে এটি সরাসরি শরীরে না লাগিয়ে কাপড়ে ঢেকে ব্যবহার করা উচিত।
  • ফ্যান বা শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে রাখা: ঠান্ডা পরিবেশে ফ্যান অথবা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে রেখে শরীরকে শীতল করার চেষ্টা করুন।
  • অবস্থার উন্নতি না হলে হাসপাতালে নেওয়া: যদি এই পদক্ষেপগুলো সত্ত্বেও অবস্থার উন্নতি না হয়, তবে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে।
  • শারীরিক পরিশ্রম সীমিত করুন: গরমে ভারী কাজ বা ব্যায়াম এড়িয়ে চলুন।
     

হিট স্ট্রোক প্রতিরোধের উপায়

হিট স্ট্রোক প্রতিরোধ করার জন্য কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করা যেতে পারে। গরমের মধ্যে সতর্ক থাকা এবং কিছু সতর্কতা অবলম্বন করলে হিট স্ট্রোকের ঝুঁকি কমানো সম্ভব।

  • হালকা ঢিলেঢালা পোশাক পরিধান করা: গরমের সময় হালকা এবং আরামদায়ক পোশাক পরা উচিত। যেহেতু আঁটসাঁট পোশাক গরমের সঙ্গে শ্বাস-প্রশ্বাসে সমস্যা সৃষ্টি করতে পারে, তাই ঢিলেঢালা পোশাক পরা ভালো।
    ছাতা ব্যবহার করা: রোদে বাইরে গেলে ছাতা ব্যবহার করা শরীরকে সরাসরি সূর্যের তাপ থেকে রক্ষা করতে সাহায্য করবে।
  • পর্যাপ্ত পানি পান করা: গরমে শরীরের আর্দ্রতা হারিয়ে যায়, তাই প্রচুর পানি পান করতে হবে। পানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং শরীরের সঠিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে।
  • রোদে কম বাইরে যাওয়া: খুব গরম সময়গুলোতে রোদে বেশি সময় না থাকার চেষ্টা করুন। যদি বাইরে বের হতে হয়, তবে ছাতা, হালকা পোশাক ও প্রচুর পানি সঙ্গে নিন।
  • বিশ্রাম ও বিশুদ্ধ বাতাসে থাকা: যদি দীর্ঘসময় বাইরে থাকতে হয়, তবে মাঝে মাঝে বিশ্রাম নিতে এবং শীতল পরিবেশে থাকতে চেষ্টা করুন।

হিট স্ট্রোকের প্রভাব ও সচেতনতার গুরুত্ব

যেহেতু হিট স্ট্রোক শরীরের তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি পাওয়ার কারণে ঘটে, এটি শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষ করে মস্তিষ্ক, হার্ট এবং কিডনি, এগুলোর উপর গুরুতর প্রভাব পড়তে পারে। এজন্য, হিট স্ট্রোকের পর দ্রুত চিকিৎসা গ্রহণ না করলে জীবনও হারাতে হতে পারে। হিট স্ট্রোক শুধুমাত্র একটি স্বাস্থ্য সমস্যা নয়, এটি প্রতিরোধযোগ্য একটি অবস্থা। তবে এর জন্য প্রয়োজন সঠিক জ্ঞান এবং সচেতনতা। বিশেষ করে গ্রামাঞ্চলে বা যেখানে চিকিৎসা সুবিধা সীমিত, সেখানে হিট স্ট্রোকের উপসর্গ সম্পর্কে জানা এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা জীবন বাঁচাতে পারে। স্কুল, কলেজ, কর্মক্ষেত্র এবং সম্প্রদায়ের মধ্যে হিট স্ট্রোক সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালানো উচিত।

পরিশেষে, হিট স্ট্রোক একটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকি, তবে সঠিক সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে এটি এড়ানো সম্ভব। গ্রীষ্মকালে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং নিজেদের পাশাপাশি পরিবার ও সম্প্রদায়ের মানুষের প্রতিও দায়িত্বশীল হতে হবে। পর্যাপ্ত পানি পান, সঠিক পোশাক, এবং রোদ এড়িয়ে চলার মতো সহজ পদক্ষেপগুলো আমাদের এই ঝুঁকি থেকে রক্ষা করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, হিট স্ট্রোকের উপসর্গ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া। আসুন, এই গরমে নিজেদের সুরক্ষিত রাখি এবং একটি সুস্থ ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করি।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।