২৫ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

কৃষিনির্ভর গ্রামীণ জীবনযাত্রার প্রতীক গরু

এগ্রিবার্তা ডেস্ক ১০ মে ২০২৫ · ৫ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
কৃষিনির্ভর গ্রামীণ জীবনযাত্রার প্রতীক গরু

বাংলাদেশের গ্রামীণ জীবনের এক অপরিহার্য অনুষঙ্গ হলো গরু। কৃষিনির্ভর এ সমাজব্যবস্থায় গরু কেবল কৃষিকাজে ব্যবহৃত প্রাণী নয়, বরং এখন এটি হয়ে উঠেছে পুষ্টির উৎস, আয়ের পথ এবং আত্মনির্ভরতার প্রতীক। একসময় গরু ছিল হালচাষ, গোবর ও দুধের সরবরাহকারী; আজ তা বাণিজ্যিক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে হাজারো পরিবারে।

গ্রামের অধিকাংশ বাড়িতেই এখন এক বা একাধিক গরু পালন করা হয়। কেউ দুধের জন্য রাখেন, কেউ কোরবানির ঈদকে লক্ষ্য করে পালন করেন বিক্রির উদ্দেশ্যে। কেউবা গড়ে তুলেছেন বাণিজ্যিক খামার। এসব খামারে দেশি ও উন্নত জাতের গরু পালনের মাধ্যমে উৎপাদিত হচ্ছে দুধ, মাংস ও গোবর—যার প্রতিটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।

প্রাকৃতিকভাবে গরুর খাদ্য জোগাড় হওয়াও গ্রামীণ প্রেক্ষাপটে এক বড় সুবিধা। মাঠে জন্মানো ঘাস, রাস্তার পাশে বেড়ে ওঠা লতা-পাতা, রান্নাঘরের উচ্ছিষ্ট সবই হয় গরুর খাবার। এতে বাড়তি খাদ্য খরচ কমে যায়। দুধ বিক্রি হয়ে উঠেছে তাৎক্ষণিক নগদ অর্থ উপার্জনের সহজ মাধ্যম। অনেক পরিবার প্রতিদিন ২–৫ লিটার দুধ বিক্রি করে আয় করছেন। পাশাপাশি তৈরি হচ্ছে দই, ঘি, ছানা—যা স্থানীয় বাজারে বেশ চাহিদাসম্পন্ন। এসব উৎপাদনে নারীদের অংশগ্রহণ বাড়ছে, ফলে তারা ঘরে বসেই আয় করছেন এবং পরিবারে অর্থনৈতিক ভূমিকা রাখছেন।

গোবরও এখন আর ফেলনা নয়। জ্বালানি হিসেবে ব্যবহারের পাশাপাশি অনেকেই এটি দিয়ে ভার্মিকম্পোস্ট তৈরি করছেন, যা কৃষকদের কাছে বিক্রি হচ্ছে জৈবসার হিসেবে। ফলে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমে যাচ্ছে এবং টেকসই চাষাবাদের ভিত্তি তৈরি হচ্ছে।

আর কোরবানির ঈদ তো গরু পালনের সবচেয়ে বড় বাজার। সারা বছরের যত্ন ও পরিচর্যার পর একটি গরু বিক্রি করে এককালীন মোটা অঙ্কের আয় করছেন অনেক খামারি। শুধু স্থানীয় হাট নয়, অনেকে এখন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে শহরের ক্রেতাদের কাছেও গরু বিক্রি করছেন।

সরকারি ও বেসরকারি পর্যায়ে গরু পালনে সহায়তা অব্যাহত আছে। প্রাণিসম্পদ অধিদপ্তর বিনা মূল্যে টিকা, প্রশিক্ষণ ও কৃত্রিম প্রজনন সেবা দিচ্ছে। এনজিওগুলো সহজ শর্তে ঋণ দিয়ে সহযোগিতা করছে খামারিদের। ফলে বাড়ছে খামারের পরিধি, বাড়ছে উৎপাদনও।

তবে এ খাতের কিছু চ্যালেঞ্জও রয়েছে। যেমন উন্নত জাতের গরুর সীমাবদ্ধতা, সুষম খাদ্যের ঘাটতি, দক্ষ ভেটেরিনারি সেবার অভাব, রোগপ্রতিরোধ ব্যবস্থার দুর্বলতা এবং কখনো কখনো গরু চুরি বা রোগ মহামারির আশঙ্কা। এসব সমস্যার সমাধানে প্রয়োজন প্রযুক্তি ব্যবহার, খামারিদের প্রশিক্ষণ এবং পর্যাপ্ত নজরদারি।

সবকিছু মিলিয়ে গরু এখন আর শুধুই কৃষকের সহায়ক প্রাণী নয়, বরং এটি হয়ে উঠেছে গ্রামীণ জীবিকার শক্ত ভিত। আয়, পুষ্টি, কর্মসংস্থান ও স্বাবলম্বিতার প্রতীক হিসেবে গরু পালনের সম্ভাবনা সত্যিই অনেক দূর এগিয়ে যেতে পারে—যদি থাকে পরিকল্পিত উদ্যোগ আর সময়োপযোগী সহায়তা। সেজন্যই বলা যায়, গ্রামীণ অর্থনীতির নির্ভরযোগ্য সঙ্গী আজ ‘গরু’।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।