অপরিকল্পিত নগরায়ন কৃষি খাতের জন্য হুমকি-স্বরূপ
বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ, যার মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। দেশের উর্বর মাটি এবং পরিবেশ কৃষি উৎপাদনের জন্য অত্যন্ত সহায়ক। কিন্তু অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের ফলে দিন দিন কৃষিজমি হ্রাস পাচ্ছে। একইসঙ্গে, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় জীববৈচিত্র্য এবং খাদ্য উৎপাদনের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
একসময় গ্রামীণ এলাকার বিশাল ফসলি জমি দিগন্তজোড়া সবুজে ঢাকা থাকত, যা গ্রামের সৌন্দর্য বাড়িয়ে তুলত। তবে বর্তমানে এই দৃশ্য ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। ইটভাটা, কারখানা, এবং পুকুর খননের মাধ্যমে ফসলি জমি দখল ও ক্ষতিগ্রস্ত করার প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। অপরিকল্পিত নগরায়ন শুধু জমির পরিমাণই কমাচ্ছে না, বরং মাটির উর্বরতাও নষ্ট করছে।
এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, যেমন নদীভাঙন এবং বন্যা, জমি হ্রাসের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। অপরিকল্পিত শিল্পায়নের ফলে বায়ু, পানি, এবং মাটির দূষণ বেড়ে গেছে। ফলে খাদ্য উৎপাদনে ক্রমাগত চাপ সৃষ্টি হচ্ছে এবং দেশের একটি বড় জনগোষ্ঠী জীবিকা হারিয়ে শহরমুখী হচ্ছে। এতে শহরগুলোর জনসংখ্যা বেড়ে পরিবেশের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
এক গবেষণায় দেখা গেছে, দেশের জনসংখ্যা প্রতি বছর প্রায় ৩০-৪০ লাখ করে বাড়ছে। কিন্তু জনসংখ্যার এই বৃদ্ধির সঙ্গে খাদ্য উৎপাদনের হার সমানভাবে বাড়ছে না। এর ফলে খাদ্য নিরাপত্তার সংকট দেখা দিচ্ছে এবং প্রতিবছর খাদ্য আমদানির ওপর নির্ভরশীলতা বাড়ছে।
এই সংকট থেকে উত্তরণের জন্য সঠিক পরিকল্পনা ও সচেতন উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবাদি জমিতে স্থাপনা নির্মাণ না করে অনুর্বর জমি ব্যবহার করতে হবে। ইট তৈরিতে উর্বর মাটি ব্যবহার বন্ধ করে বিকল্প প্রযুক্তি, যেমন সিমেন্ট ব্লক, ব্যবহারের ওপর জোর দিতে হবে। নদীভাঙন রোধে উন্নত প্রযুক্তি প্রয়োগ এবং নতুন জেগে ওঠা চরগুলোকে কৃষিকাজে ব্যবহার করতে হবে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।